স্মরণ করো, যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল? তারপর যখন তারা বক্র পথ অবলম্বন করল, তখন আল্লাহও তাদের অন্তর বক্র করে দিলেন। আর আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে হিদায়াত দেন না।
স্মরণ করো, যখন মারিয়াম-তনয় ঈসা বলেছিল, হে বনী ইসরাঈল, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল, আমার আগে যে তাওরাত এসেছে তার সত্যায়নকারী এবং সুসংবাদদাতা এক রাসূলের, যিনি আমার পরে আসবেন, যার নাম আহমদ। কিন্তু যখন সে তাদের কাছে স্পষ্ট প্রমাণসহ এলো, তারা বলল, এ তো স্পষ্ট জাদু।
তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করবে; এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।
তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, আর স্থায়ী জান্নাতে সুন্দর বাসস্থান দেবেন; এটাই মহাসাফল্য।