আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে এবং মুহাম্মদের প্রতি যা নাযিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, আর এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য, তিনি তাদের মন্দ কাজগুলো মুছে দিয়েছেন এবং তাদের অবস্থা উন্নত করেছেন।
এর কারণ, যারা কুফরী করেছে তারা মিথ্যার অনুসরণ করেছে, আর যারা ঈমান এনেছে তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে আসা সত্যের অনুসরণ করেছে; এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত বর্ণনা করেন।
সুতরাং যখন তোমরা যুদ্ধক্ষেত্রে কাফিরদের সম্মুখীন হও, তখন তাদের ঘাড়ে আঘাত কর; শেষে যখন তোমরা তাদের ভালোভাবে পরাভূত কর, তখন তাদের শক্ত করে বেঁধে ফেল; অতঃপর হয় অনুগ্রহ করে ছেড়ে দাও, না হয় মুক্তিপণ নিয়ে; যতক্ষণ না যুদ্ধ তার অস্ত্র নামিয়ে রাখে। এটাই বিধান; আর আল্লাহ চাইলে তিনি নিজেই তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একে অপরের মাধ্যমে পরীক্ষা করতে চান; আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তিনি তাদের কর্মসমূহ কখনো নিষ্ফল করবেন না।
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, যাতে দেখতে পেত তাদের আগে যারা ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল? আল্লাহ তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিলেন, আর কাফিরদের জন্যও অনুরূপ পরিণাম রয়েছে।
নিশ্চয় আল্লাহ যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত; আর যারা কুফরী করেছে তারা ভোগবিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো খেয়ে যায়, আর আগুনই তাদের আবাসস্থল।