নাকি তারা বলে, তিনি নিজে এটা রচনা করেছেন? বরং এটাই তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি, যাতে তারা হিদায়াত পায়।
আল্লাহ, যিনি আসমান, যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের ওপর সমাসীন হয়েছেন। তাঁকে ছাড়া তোমাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী নেই। তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
আর যদি তুমি দেখতে, যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নত করে বলবে, 'হে আমাদের প্রতিপালক, আমরা দেখেছি ও শুনেছি, কাজেই আমাদের ফিরিয়ে দাও, আমরা সৎকর্ম করব, আমরা তো এখন দৃঢ় বিশ্বাসী।'