মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে যারা অজ্ঞানতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অসার কথাবার্তা ক্রয় করে এবং তা নিয়ে বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।
যখন তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, সে অহংকারবশত মুখ ফিরিয়ে নেয়, যেন সে তা শোনেইনি, যেন তার দুই কানে বধিরতা আছে। কাজেই তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও।
তিনি এমন স্তম্ভ ছাড়াই আসমান সৃষ্টি করেছেন যা তোমরা দেখতে পাও, আর যমীনে পাহাড় স্থাপন করেছেন যাতে তা তোমাদের নিয়ে কেঁপে না ওঠে, আর সেখানে সব রকম জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং তা দিয়ে সেখানে প্রতিটি উন্নতমানের জোড়া উদ্ভিদ উদ্গত করি।
আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম যে, 'আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও।' আর যে কৃতজ্ঞ হয়, সে তো নিজের জন্যই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয়, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।