ব্যভিচারিণী ও ব্যভিচারী—তাদের প্রত্যেককে একশত কষাঘাত কর। যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাসী হও, তবে আল্লাহর বিধান পালনে তাদের প্রতি করুণা যেন তোমাদের পেয়ে না বসে। আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তির সময় উপস্থিত থাকে।
ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী বা মুশরিক নারী ছাড়া বিবাহ করে না, আর ব্যভিচারিণী নারীকে ব্যভিচারী বা মুশরিক পুরুষ ছাড়া কেউ বিবাহ করে না। আর মুমিনদের জন্য তা নিষিদ্ধ করা হয়েছে।
আর যারা সতী নারীদের প্রতি অপবাদ আরোপ করে, অতঃপর চারজন সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে আশিটি কষাঘাত কর এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ কর না। তারাই তো ফাসিক।
আর যারা নিজেদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেদের ছাড়া তাদের কোনো সাক্ষী নেই, তবে তাদের একজনের সাক্ষ্য হবে আল্লাহর নামে চারবার শপথ করে বলা যে, সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত।
নিশ্চয় যারা এই অপবাদ রটিয়েছে তারা তোমাদেরই একটি দল। তোমরা একে তোমাদের জন্য মন্দ মনে কর না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য রয়েছে তার অর্জিত পাপের প্রতিফল, আর তাদের মধ্যে যে এর নেতৃত্ব নিয়েছে তার জন্য রয়েছে মহাশাস্তি।